
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও চামুটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য চামুটিয়া গ্রামের ফরহাদ হোসেন (৫৩), ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শশধর পট্রি গ্রামের লতিফুর রহমান (৪৩)।
পুলিশ জানায়, গত (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়।
এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মির্জাপুর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (১৪ ডিসেম্বর) টাঙ্গাইল আদালতে হাজির করা হয়েছে।

মির্জাপুর প্রতিনিধি 









