
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) কালিহাতী উপজেলার ইছাপুর কবরস্থানের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায় টাঙ্গাইলমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দেয়।
এতে সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য তিন জন চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট বাহার মিয়া বলেন, ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালিহাতী প্রতিনিধি 









